প্রিন্ট এর তারিখঃ Aug 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 4, 2026 ইং
জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশজুড়ে র্যাবের কঠোর নিরাপত্তা

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব। সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো মহল যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে এ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার র্যাবের এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটি ঘিরে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় ঝুঁকি মূল্যায়ন করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে। অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট, জুলাই স্মৃতিস্তম্ভ এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
র্যাব জানায়, নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী কিংবা রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারির পাশাপাশি প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সাইবার পেট্রোলিংও জোরদার করা হয়েছে।
র্যাব আরও জানিয়েছে, দেশের প্রতিটি জেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল ও স্মৃতিস্তম্ভের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক দিন ধরেই বিশেষ নজরদারি চলছে। জননিরাপত্তা নিশ্চিত করা, সম্ভাব্য অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১