প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 28, 2026 ইং
টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় নারীর মৃত্যু

রাজধানীর মিরপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য নিতে এসে সীমানা প্রাচীর ধসে নাছিমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চার থেকে পাঁচজন।
মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের লাভ রোড-মন্দির রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নাছিমা বেগম মিরপুর-২ নম্বরের জনতা হাউজিং এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য সংগ্রহের জন্য অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ কলেজের সীমানা প্রাচীরের একটি অংশ ধসে পড়ে। এতে কয়েকজন দেয়ালের নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান। ঘটনাস্থলেই নাছিমা বেগমের মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ডিএমপির মিরপুর বিভাগের পুলিশ সুপার মোস্তাক সরকার বলেন, তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন। হতাহতদের সঠিক সংখ্যা ও দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১