প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 25, 2026 ইং
৮ বছর পর যেভাবে বার্নাব্যুতে ফিরতে পারেন রোনালদো

২০১৮ সালের গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। সেখানে কাটিয়েছেন তিন বছর। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে ২০২৩ সালে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে যোগ দেন পর্তুগিজ যুবরাজ। অবশেষে ৮ বছর পর মাদ্রিদের বার্নাব্যুতে ফিরতে পারেন তিনি। তাঁর দল আল নাসরের সঙ্গে রিয়াল মাদ্রিদের একটি প্রীতি ম্যাচ আয়োজন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ওই ম্যাচে স্বাভাবিকভাবেই আল নাসরকে প্রতিনিধিত্ব করবেন রোনালদো।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জনপ্রিয় সাংবাদিক রনসেরোর একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। যেখানে তিনি রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনা পেরেজের কাছে একটি আহ্বান জানান। নতুন মৌসুম শুরুর আগে ‘সান্তিয়াগো বার্নাব্যু ট্রফির’ ৪০তম আসরে তিনি আল নাসরকে আমন্ত্রণের অনুরোধ জানান।
১৯৭৯ সাল থেকে প্রতি মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদ ‘সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি’র আয়োজন করে আসছিল। কিন্তু ২০১৮ সালে ৩৯তম আসরের পর তা বন্ধ হয়ে যায়।
রনসেরোর এই বক্তব্য সান্তিয়াগো বার্নাব্যুতে আবার সেই ঐতিহ্যবাহী আসর এবং মাদ্রিদ থেকে ৮ বছর ধরে দূরে থাকা রোনালদোকে ফিরিয়ে আনার নতুন দুয়ার খুলে দিয়েছে। আগামী মৌসুমই হবে আল-নাসরের সঙ্গে পর্তুগিজ তারকার চুক্তির শেষ বছর। ধারণা করা হচ্ছে তাঁর অবসরের বছরও হতে পারে সেটি।
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দীর্ঘ ৯ বছরে রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৫০টি গোল করে এখনও ক্লাবটির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে আছেন রোনালদো।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১