প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 27, 2026 ইং
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, জনমনে আতঙ্ক

একদিনের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। স্থানীয় সময় শনিবার (২৭ জুন) সকাল ৮টা ৩৬ মিনিটে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবরে ভলকানো ডিসকভারির।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার (২২ মাইল) গভীরে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৪। কেন্দ্রস্থল ছিল দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বালুচিস্তান প্রদেশে।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে তীব্র কম্পনের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
গতকাল শুক্রবার বিকেলেও পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে ভূমিকম্প আঘাত হেনেছিল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ১। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কোহলু শহর থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার গভীরে।
প্রসঙ্গত, পাকিস্তান তিনটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত- আরব, ইউরো-এশীয় এবং ভারতীয়- যা দেশটিতে পাঁচটি ভূমিকম্প অঞ্চল তৈরি করে এবং একাধিক ফল্ট লাইন থাকায় টেকটোনিক নড়াচড়া ঘন ঘন ঘটে। ফলে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভুত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১