প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 26, 2026 ইং
রাষ্ট্রীয় সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার, ২৬ জুন) বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। তার সঙ্গে আছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ অন্যান্য সফরসঙ্গীরা।
এ সময় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান গাড়ি থেকে নেমে লালগালিচায় হেঁটে বিমানে ওঠেন।
তাদের বহনকারী বিমান রাত ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সেখানে তাদের স্বাগত জানাবেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে, ২১ জুন রাষ্ট্রীয় সফরে প্রথমে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পরদিন ২২ জুন বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ান রওনা হন তিনি। সেখানেও দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সর্বশেষ শুক্রবার (২৬ জুন) সকালে বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেয়ার পর মালয়েশিয়ায় ছিলো প্রধানমন্ত্রীর প্রথম সফর।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১