প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 26, 2026 ইং
রেকর্ডময় ম্যাচে শেষ মিনিটের গোলে জিতল তুরস্ক

ম্যাচের শুরুতেই গোলের দেখা পেল যুক্তরাষ্ট্র। জবাব দিতে সময় লাগল না তুরস্কের। পরে দুই দলই পেল আরও একটি করে গোল। মনে হচ্ছিল, ড্রতেই শেষ হবে খেলা। কিন্তু একদম শেষ মিনিটে গিয়ে জাল খুঁজে নিল তুরস্ক। একইসঙ্গে পেল নিজেদের প্রথম জয়।
লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ সময় শুক্রবার সকালের ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়েছে তুরস্ক। এই ম্যাচ শুরুর আগে নিশ্চিত হয়েছিল যুক্তরাষ্ট্রের নকআউট পর্বের টিকিট। আর দুই ম্যাচ হারায় আগেই বাদ পড়ে গিয়েছিল তুরস্ক।
নিয়মরক্ষার ম্যাচটি জিতে শেষটা ভালোভাবে করতে পারল তুরস্ক। দলের হয়ে গোল তিনটি করেন আরদা গুলের, বারিশ আলপার ইলমাজ ও কান আয়হান। যুক্তরাষ্ট্রের পক্ষে জালের দেখা পান অস্টন ট্রাস্টি ও সেবাস্তিয়ান বেরহাল্টার।
২০০২ সালের পর এবারই প্রথম বিশ্বকাপ খেলতে এসে শুরুর দুই ম্যাচ হেরেছিল তুরস্ক। এমনকি কোনো গোলই করতে পারেনি তারা। বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর এবার ২৪ বছরের মধ্যে বিশ্বকাপে প্রথম গোল ও প্রথম জয় পেল তুরস্ক।
নিজেদের সবশেষ ম্যাচ হারলেও আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট খেলতে নামবে যুক্তরাষ্ট্র। যেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ 'বি' গ্রুপের তৃতীয় দল বসনিয়া এন্ড হার্জেগোভিনা। তবে আগামী রোববার নিশ্চিত হবে প্রতিপক্ষের নাম।
শুক্রবার সকালের ম্যাচটিতে দাপট দেখিয়েই খেলে যুক্তরাষ্ট্র। ম্যাচজুড়ে গোলের জন্য তারা করে মোট ১৯টি শট। এর মধ্যে ৭টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে ৫৩ শতাংশ সময় বলের দখল রেখে ১০টি শট করে ৪টি লক্ষ্যে রাখতে পারে তুরস্ক।
ম্যাচের তৃতীয় মিনিটেই যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন অস্টন ট্রস্টি। চলতি বিশ্বকাপের এটি ১৭৩তম গোল। যা কিনা বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড। ২০২২ বিশ্বকাপে ৬৪ ম্যাচে হয়েছিল ১৭২টি গোল। এবার ৬০ ম্যাচে ভেঙে গেছে সেই রেকর্ড।
জবাব দিতে সময় লাগেনি তুরস্কের। ম্যাচের দশম মিনিটে জাল কাঁপান তুরস্কের তারকা ফুটবলার আরদা গুলের। মাত্র ২১ বছর ১২০ দিন বয়সে গোল করে বিশ্বকাপে তুরস্কের সবচেয়ে কম বয়সী গোলদাতা এখন তিনিই।
২০০২ সালের বিশ্বকাপে কোস্টা রিকার বিপক্ষে ২১ বছর ২৭৫ দিন বয়সে গোল করে এত দিন রেকর্ডটি ছিল এম্রে বেলোজগ্লুর।
ম্যাচের ৩০ মিনিটে আবার জাল কাঁপায় যুক্তরাষ্ট্র। তবে অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল। পরের মিনিটে স্বাগতিকদের চমকে দিয়ে লিড নেয় তুরস্ক। এবার স্কোরশিটে নাম তোলেন বারিশ আলপার ইলমাজ।
পিছিয়ে থেকেই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৯ মিনিটের মাথায় সেবাস্তিয়ান বেরহাল্টারের গোলে সমতা ফেরায় স্বাগতিকরা। চলতি বিশ্বকাপে এটি তাদের অষ্টম। এক বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোলের রেকর্ড এটি।
এর আগে ১৯৩০ ও ২০০২ সালের বিশ্বকাপে ৭টি করে গোল দিয়েছিল তারা। এছাড়া ২০১৪ বিশ্বকাপে নাইজেরিয়ার পর প্রথম দল হিসেবে কোনো ম্যাচের দুই অর্ধেই ৪ মিনিটের মধ্যে গোলের রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্র।
এরপর লিড নেওয়ার জন্য মরিয়া হয়ে পড়ে স্বাগতিকরা। তুরস্কের রক্ষণভাগে মুহুর্মুহু আক্রমণ করতে থাকে তারা। কিন্তু প্রতিবার হতাশ হয়ে ফিরতে হয় তাদের। তাই মনে হচ্ছিল, শেষ পর্যন্ত হয়তো ড্র নিয়ে মাঠ ছাড়তে হবে দুই দলের।
তবে নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার অতিরিক্ত সময়েরও একদম শেষ মিনিটে গিয়ে যুক্তরাষ্ট্রকে চমকে দেয় তুরস্ক। কান আয়হানের চমৎকার ফিনিশিংয়ে জয় দিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১