প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 25, 2026 ইং
চেক প্রজাতন্ত্রকে উড়িয়ে মেক্সিকোর তিনে তিন

টুর্নামেন্টের প্রথম দল হিসেবে আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল রাউন্ড অব ৩২ এ জায়গা। চেক প্রজাতন্ত্রকে হারিয়ে গ্রুপপর্বের প্রথম দল হিসেবে তিন ম্যাচের তিনটি জিতল মেক্সিকো।
মেক্সিকো সিটি স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়েছে মেক্সিকো। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি।
৩ ম্যাচের তিনটিই জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে মেক্সিকো। ৩ ম্যাচে এক জয় আর এক ড্রয়ে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৪। ‘এ’ গ্রুপ রানার্সআপ হিসেবে তারাও নকআউট পর্ব নিশ্চিত করেছে। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে দক্ষিণ কোরিয়া। তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা আটে থাকলে নকআউট রাউন্ডে কোয়ালিফাই করবে তারা। ১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে চেক প্রজাতন্ত্র।
প্রথম দুই ম্যাচ জিতে আগেই নকআউট নিশ্চিত করায় এই ম্যাচে মূল একাদশে পাঁচ পরিবর্তন এনে স্কোয়াড রোটেশন করেন মেক্সিকোর কোচ হাভিয়ের আগিরে।
শুরু থেকে নেমে আলো কেড়ে নেন মেক্সিকোর ১৭ বছর বয়সী মিডফিল্ডার গিলবার্তো মোরা। ১৭ বছর ২৫৩ দিন বয়সে মাঠে নেমে তিনি পুরুষ বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠ কনিষ্ঠতম এবং মেক্সিকোর ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মূল একাদশে খেলার রেকর্ড গড়েন।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর বিরতির ঠিক পরপরই মেক্সিকোকে লিড এনে দেন লেফট-ব্যাক মাতেও চাভেজ। আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের প্রথম গোলটি করতে দারুণ এক ঠান্ডা মাথার পরিচয় দেন তিনি।
মোরার পাস থেকেই আসে মেক্সিকোর দ্বিতীয় গোল। ৬১ মিনিটে হোর্হে সানচেজের নেওয়া শট চেক গোলকিপার ফিরিয়ে দিলেও, বক্সের ভেতর জটলার সুযোগ নিয়ে বল জালে জড়ান হুলিয়ান কুইনোনেস। চলতি বিশ্বকাপে এটি কুইনোনেসের দ্বিতীয় গোল।
ম্যাচের ৭২ মিনিটে মোরা যখন মাঠ ছাড়ছিলেন, তখন পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালির মাধ্যমে অভিবাদন জানায় মোরাকে। তাঁর বদলি হিসেবে নামা আলভারো ফিদালগো ম্যাচের শেষ দিকে ১৫ গজ দূর থেকে চমৎকার এক শটে ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন।
ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন গোলকিপার গিয়েরমো ওচোয়া। এ নিয়ে নিজের চতুর্থ বিশ্বকাপে মাঠে নামলেন তিনি। ৪০ বছর বয়সী এই গোলকিপারের ষষ্ঠ বিশ্বকাপ এটি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১