প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 1, 2026 ইং
যারা দেশকে মৌলবাদী বানাতে চায়, তারাই সিনেমাটি বন্ধ করেছে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিতর্কিতভাবে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যারা বাংলাদেশকে বিশ্বের কাছে মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায়, মূলত তারাই এই সিনেমা বন্ধ করেছে।
সোমবার (১ জুন) বিকেলে উপজেলার শাহবাজপুর ১ নম্বর গেইট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর একার সম্পত্তি নয় বরং উভয় সময়েই দেশের সাধারণ মানুষ রাজপথে নেমেছিল। দেশে ডানপন্থী ও চরমপন্থার উত্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অতীতে আজান, মন্দিরের ঘণ্টা ও বাউল গানের সম্প্রীতির দেশে এখন মাজার ভাঙচুর ও কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।
কারা দেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়, তাদের চিহ্নিত করে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি সরকারকে সতর্ক করে বলেন, অন্যথায় সরকার বিপদে পড়বে।
‘বনলতা এক্সপ্রেস’ একটি সামাজিক ও পারিবারিক চলচ্চিত্র উল্লেখ করে এর প্রদর্শনী বন্ধ করে দেওয়াকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন এই সংসদ সদস্য। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং সিনেমা প্রদর্শনীতে বাধাদানকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১