প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 24, 2026 ইং
পাকিস্তানের বিপক্ষে বড় সুযোগ, ভারতকেও হারাতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দলের রেকর্ড একদম ভালো নয়। প্রথম ছয় আসরে তারা জিতেছে মাত্র ৩ ম্যাচ। এবার সেই হতাশা ভুলে সামনের বিশ্বকাপে অন্তত ৩টি ম্যাচ জেতার লক্ষ্য নিগার সুলতানা জ্যোতির দল।
বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। এই গ্রুপ থেকে নেদারল্যান্ডস ও পাকিস্তানকে হারানোর বড় সুযোগ দেখেন জ্যোতি। একইসঙ্গে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয়ের আশা বাংলাদেশ অধিনায়কের।
২০১৪ সালের বিশ্বকাপে দুই জয় পাওয়ার পর টানা ৪ টুর্নামেন্টে সব ম্যাচ হেরেছিল বাংলাদেশ। ২০২৪ সালের বিশ্বকাপে জয় দিয়ে শুরু করলেও পরে টানা ৩ ম্যাচ হেরে যায় তারা। সব মিলিয়ে এখন পর্যন্ত বিশ্বকাপে ২৫ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৩টি।
এবার ইংল্যান্ডের মাঠে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য সোমবার দেশ ছেড়ে যাবে বাংলাদেশ দল। তবে টুর্নামেন্টের মূল পর্বে নামার আগে স্কটল্যান্ডের মাঠে নেদারল্যান্ডসকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। এরপর শুরু হবে বিশ্বকাপে তাদের পথচলা।
যে কোনো বড় ইভেন্টে যাওয়ার আগে প্রস্তুতির ঘাটতির অভিযোগ ছিল বাংলাদেশ দলের সবসময়ের সঙ্গী। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ তার ব্যতিক্রম। প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলেছে তারা।
আর এবার স্কটল্যান্ডের মাঠে ত্রিদেশীয় সিরিজে খেলবে ৪টি ম্যাচ। আগামী ৩০ মে শুরু হয়ে ৪ জুন শেষ হবে ত্রিদেশীয় সিরিজটি। যেখানে একে অপরের বিপক্ষে দুইটি করে ম্যাচ খেলবে সব দল।
এই সিরিজ শেষে আবার নিউ জিল্যান্ড (৬ জুন) ও আয়ারল্যান্ডের (৯ জুন) বিপক্ষে আছে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ।
পরে আগামী ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে পথচলা শুরু হবে বাংলাদেশের। ওই ম্যাচ জিতে শুভসূচনা করার লক্ষ্য জ্যোতির। রোববার সংবাদ সম্মেলনে বিশ্বকাপে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি।
“দুটি ম্যাচে আমাদের অনেক বড় সুযোগ থাকবে জেতার। একটা নেদারল্যান্ডস, একটা পাকিস্তান। এর বাইরে ভারতের সঙ্গে আমাদের খেলার অভিজ্ঞতা আছে। সবচেয়ে বড় কথা, তাদের আমরা আগেও হারিয়েছি। ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের জেতার অভিজ্ঞতা আছে।”
টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচগুলো যথাক্রমে অস্ট্রেলিয়া (১৭ জুন), পাকিস্তান (২০ জুন), ভারত (২৫ জুন) ও দক্ষিণ আফ্রিকার (২৮ জুন) বিপক্ষে। এর মধ্যে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটি হবে ঐতিহাসিক লর্ডসে। ওই ম্যাচের জন্য রোমাঞ্চিত জ্যোতিরা।
ডাচদের হারিয়ে ভালো শুরু করতে পারলে সামনের দিকে কাজ সহজ হবে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
“ম্যাচ বাই ম্যাচ এগোনোর পরিকল্পনাই আমাদের আছে। তবে আমরা যদি ভালো শুরু পাই, তাহলে সেটা টুর্নামেন্টজুড়ে আমাদের অনেক সাহায্য করবে। আমি মনে করি, এই টুর্নামেন্টে আমরা যে গ্রুপে আছি, সেখানে তিনটা ম্যাচ জেতার সেরা সুযোগ আছে আমাদের।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১