প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 23, 2026 ইং
আইডিইবি দিনাজপুর শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন বলেছেন, বাংলাদেশে বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তির জন্য ৩০ লাখের উপরে আসন রয়েছে, কিন্তু এই মুহুর্তে এদেশে ওই বয়সের ভর্তি উপযুক্ত শিক্ষার্থীর সংখ্যা মাত্র ১৩ থেকে ১৪ লাখ| কলেজের চেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশী থাকায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিপুল সংখ্যক আসন ফাঁকা থাকছে| ফলে আমরা কারিগরি বৃত্তিমুলক শিক্ষায় শিক্ষার্থী পাচ্ছি না| বিগত ১৫ থেকে ২০ বছরে লাগামহীন শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন হয়েছে| প্রতিষ্ঠান আছে শিক্ষার্থী নাই।
গতকাল শুক্রবার (২২ মে) সন্ধ্যায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-আইডিইবি, দিনাজপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথগ্রহন ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
প্রকৌশলী রুহুল আমিন আরো বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষায় এগিয়ে যেতে পারেনি বলেই দেশ পিছিয়ে রয়েছে| সত্যিকার অর্থে দেশকে উন্নত করতে হলে কারিগরি বৃত্তিমুলক শিক্ষার কোন বিকল্প নেই।
দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আইডিইবি’র আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী কবির হোসেন, সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, দিনাজপুর পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল ওয়াদুদ মন্ডল, আইডিইবি’র রংপুর অঞ্চলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আব্দুছ সাত্তার শাহ ও ফরিদপুর অঞ্চলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আবেদুর রহমান প্রমূখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১