প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 23, 2026 ইং
ভাগ-বাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত বিএনপি: গোলাম পরওয়ার

রাষ্ট্র সংস্কারের চেয়ে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে বিএনপি ব্যস্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জানান, জুলাই সনদ বাস্তবায়ন না করেই বিএনপি রাষ্ট্রকে সংকটের দিকে ঠেলে দিয়েছে।
আজ (শনিবার, ২৩ মে) দুপুরে ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার সদস্যদের (রুকন) শিক্ষা শিবির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ করে জামায়াত সেক্রেটারি বলেন, ‘জনগণকে দেয়া প্রথম প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে মহান আল্লাহ হয়তো অসন্তুষ্ট হয়েছেন। আর এজন্যই দেশে হামের মতো রোগ-বালাই ছড়িয়ে পড়ছে।’
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা লুটপাট, দখল, খুন ও চাঁদাবাজির মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে।
তিনি বলেন, ‘দেশের মানুষ এখন নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা ও দুর্নীতির কারণেই জনগণ আজ হতাশ। ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা ছাড়া দেশের সংকট কাটবে না।’
এসময় উপস্থিত ছিলেন— জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান ও সেক্রেটারি ফরিদুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১