প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 21, 2026 ইং
ব্রিটিশ রেডিওতে ভুলবশত কিং চার্লসের মৃত্যু সংবাদ প্রচার!

ভুলবশত ব্রিটেনের রাজা চার্লসের মৃত্যুর খবর প্রচারের পর দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে দেশটির একটি রেডিও স্টেশন । 'রেডিও ক্যারোলিন' নামের ওই স্টেশনটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, কম্পিউটার ত্রুটির কারণে গত মঙ্গলবার (১৯ মে) বিকেলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে।
স্টেশন ম্যানেজার পিটার মুর জানান, পূর্ব এসেক্সের ম্যালডনে অবস্থিত তাদের মূল স্টুডিওতে যান্ত্রিক গোলযোগের কারণে এই ভুল ঘোষণাটি চলে যায়। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে রাজা বা রানীর মৃত্যুর পরবর্তী বিশেষ সম্প্রচার প্রক্রিয়া চালু হয়ে যায়। তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্যের সব রেডিও স্টেশনই যেকোনো জরুরি পরিস্থিতির জন্য এই প্রক্রিয়াটি আগাম প্রস্তুত রাখে, যদিও কেউ তা ব্যবহারের আশা করে না। নিয়ম অনুযায়ী খবরটি প্রচারের পরই রেডিও ক্যারোলিন সম্পূর্ণ নীরব হয়ে যায়। বিষয়টি নজরে আসার পরপরই দ্রুত সম্প্রচার স্বাভাবিক করা হয় এবং অন-এয়ারে ক্ষমা চাওয়া হয়।
রাজা চার্লস ও তাঁর শ্রোতাদের কাছে দুঃখ প্রকাশ করে পিটার মুর আরও বলেন, ‘রেডিও ক্যারোলিন সবসময়ই রানী এবং এখন রাজার ঐতিহ্যবাহী ক্রিসমাস বার্তা আনন্দের সঙ্গে প্রচার করে আসছে। আমরা আশা করি আগামী বহু বছর ধরে এটি অব্যাহত রাখতে পারব।’
কাকতালীয়ভাবে যখন রেডিওতে এই ভুলের ঘটনাটি ঘটে, তখন রাজা চার্লস ও রানী কামিলা উত্তর আয়ারল্যান্ড সফরে ছিলেন এবং সেখানে তাঁরা একটি আইরিশ লোকসঙ্গীত দলের পরিবেশনা উপভোগ করছিলেন। ভুলটি ঠিক কতক্ষণ পর ধরা পড়েছিল তা পোস্টে সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। তবে ব্রিটেনের ঘরোয়া সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, বুধবার বিকেলে স্টেশনটির ওয়েবসাইটে মঙ্গলবারের দুপুর ১টা ৫৮ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়ের আর্কাইভড অনুষ্ঠান শোনার সুবিধা বন্ধ রাখা হয়েছিল। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১