
বিশ্বব্যাপী ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই প্রায় ৯ বছর পর চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী ১৩ থেকে ১৫ মে পর্যন্ত বেইজিং সফর করবেন তিনি। সোমবার ভোরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর মেয়াদে চীন সফর না করায় ২০১৭ সালের নভেম্বরের পর এই প্রথম কোনো মার্কিন শীর্ষ নেতা চীন সফরে যাচ্ছেন। উল্লেখ্য, ২০১৭ সালেও ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে রাষ্ট্রীয় সফরে বেইজিং গিয়েছিলেন। এবারের সফরটি মূলত গত ৩১ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ইরান ও ইসরায়েল সংশ্লিষ্ট মধ্যপ্রাচ্য সংকটে মনোযোগ দেওয়ার প্রয়োজনে সফরটি স্থগিত করা হয়েছিল।
সংশ্লিষ্টদের মতে, এই সফরে বাণিজ্য, তাইওয়ান ইস্যু এবং মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা এবং এর ফলে মধ্যপ্রাচ্যে সৃষ্ট চরম উত্তেজনার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুল্ক বৃদ্ধি, প্রযুক্তিগত বিধিনিষেধ এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ বিরল মৃত্তিকা উপাদানের ওপর চীনের কঠোর নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে যে বাণিজ্যিক টানাপোড়েন চলছে, তা নিরসনেও এই সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি সম্প্রতি তাইওয়ানের জন্য যুক্তরাষ্ট্রের বড় আকারের অস্ত্র বিক্রির অনুমোদনের ফলে সৃষ্ট কূটনৈতিক উত্তেজনা নিয়েও উভয় পক্ষ কথা বলবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আনাদোলু