প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 2, 2026 ইং
একযোগে সারা দেশে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস

একযোগে সারা দেশে শুরু হল নতুন কুঁড়ি স্পোর্টস। শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে মূল পর্বের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দেশের বাকী ৬৩ জেলাতেও শুরু হয় নতুন কুঁড়ি স্পোর্টসের কার্যক্রম।
এরই অংশ হিসেবে মিরপুরের শহীদ সহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কাবাডি ইভেন্ট দিয়ে শুরু হয় ঢাকা পর্বের প্রতিযোগিতা। এই পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয় মন্ত্রী শেখ রবিউল আলম। উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, দোহারের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজমুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ। পুরো আয়োজনের সমন্বয় করেন ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল ওয়ারেছ আনসারী।
উদ্বোধনী দিনে শুধু কাবাডি ডিসিপ্লিনের খেলা হয়েছে। ছেলেদের বিভাগে মুখোমুখি হয় পল্লবী থানা ও কেরাণীগঞ্জ উপজেলা। শুরু থেকেই এক তরফা আধিপত্য ছিল পল্লবী থানার। শেষ পর্যন্ত ৫৩-৩২ পয়েন্টের বড় জয়ের আনন্দে মাতে পল্লবী থানা দল।
মেয়েদের বিভাগে আরও বড় জয় তুলে নিয়েছে পল্লবীর মেয়েরা। কেরাণীগঞ্জের মেয়েদের দাঁড়াতেই দেয়নি তারা। জয় তুলে নেয় ৫৭-২১ পয়েন্টের বড় ব্যবধানে।
আয়োজনের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে জুডো, কারাতে, উশু ও তায়কোয়ান্দোর প্রদর্শনী ম্যাচ উপভোগ করেন উপস্থিত সবাই। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগ এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় ঢাকা পর্বের পরিপাটি এই আয়োজনের প্রশংসা করেন অতিথিরা। রোববার থেকে বিভিন্ন ভেন্যুতে শুরু হবে নতুন কুঁড়ি স্পোর্টসের বাকি ৭টি ডিসিপ্লিনের খেলা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১